মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার মাঝে সম্ভাব্য যুদ্ধ এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে যৌথভাবে একটি নতুন মধ্যস্থতা প্রস্তাব পেশ করেছে পাকিস্তান ও কাতার।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) এই প্রস্তাবটি উভয় দেশের নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ‘দ্য নিউ আরব’।
সংশ্লিষ্ট সূত্রে এই প্রস্তাবকে ‘মিডেল গ্রাউন্ড প্রোপজাল’ বা মধ্যপন্থা প্রস্তাব হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে উভয় পক্ষের মৌলিক দাবিসমূহের আংশিক সমন্বয় সাধন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মূল দাবি ছিল ইরানকে তার সমস্ত পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখতে হবে। অন্যদিকে, ইরানের মূল চাওয়া ছিল আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় বিভিন্ন ব্যাংকে আটকে থাকা তাদের অর্থ ছাড় করা। প্রস্তাবটি পৌঁছে দিতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির মঙ্গলবার তেহরান সফর করেন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে এটি হস্তান্তর করেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমটির তথ্যানুযায়ী, নতুন প্রস্তাবে ইরানকে তাদের গোপন বা পূর্বে অপ্রকাশিত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশাধিকার নিশ্চিত করার শর্ত দেওয়া হয়েছে। এর বিনিময়ে কাতারে যুক্তরাষ্ট্রের কাছে আটকে থাকা ইরানের ৬ বিলিয়ন ডলার তহবিলের অর্জিত সুদের অর্থ ইরানকে প্রদান করার প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে প্রণীত প্রস্তাবটি নিয়ে উভয় দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সম্প্রতি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে আক্রমণের ঘটনা বৃদ্ধি এবং আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর মার্কিন সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপের বার্তার প্রেক্ষাপটে এই মধ্যস্থতা উদ্যোগকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।