শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর তুরাগ থানার ধউর সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

শনিবার পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসগের শুভেচ্ছা জানান। এ সময় পূজা উদযাপন কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

মণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা রয়েছে। বর্তমান সরকার ও আমাদের দলের স্পষ্ট নির্দেশনা হলো, দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।"

তিনি আরও বলেন, শারদীয় উৎসব যাতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সকলকে সজাগ থাকার আহ্বান জানান। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মণ্ডপ কমিটির পক্ষ থেকে সংসদ সদস্যের এই পরিদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তাঁরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে বলে জানান।