মুন্সীগঞ্জের গজারিয়ায় ফুলদী নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর মো. আবু বক্কর সিদ্দিকী রাফি (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার মধ্য ভাটেরচর এলাকায় ফুলদী নদীতে শিশুটির মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

নিহত রাফি নড়াইল জেলার স্থায়ী বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে। খায়রুল ইসলাম পরিবারের সঙ্গে গজারিয়ায় একটি ভাড়া বাসায় থাকেন এবং সেখানে একটি চায়ের দোকান পরিচালনা করেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শনিবার (১৭ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে মধ্য ভাটেরচর এলাকায় ফুলদী নদীতে পাঁচ বন্ধু গোসল করতে নামে। এদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও সাত বছর বয়সী রাফি নিখোঁজ হয়। খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশন ও মুন্সীগঞ্জের একটি ডুবুরি দল শনিবার দিনভর উদ্ধার অভিযান চালিয়েও শিশুটির সন্ধান পায়নি। পরবর্তীতে রোববার সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।