চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত প্রায় ১০ মাসে ৯৫৭ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৩২৮ টাকা সমমূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল রিজিয়নের অধীনস্থ ১৩টি ব্যাটালিয়ন। এ সময় অস্ত্র, বিস্ফোরক, মাদকদ্রব্য এবং অবৈধভাবে উত্তোলন করা পাথর ও বালু জব্দ করার পাশাপাশি ৩৩৩ জনকে আটক করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরাইল রিজিয়নের ২১১টি বিওপির মাধ্যমে প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তে এই অভিযান পরিচালিত হয়। চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন অভিযানে ১১টি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ৭টি এয়ারগান, ৫টি পাইপগান, ৬২ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৭৭ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়েছে।

এছাড়া মাদকবিরোধী অভিযানে ৩ লাখ ৪০ হাজার ৮১৫টি ইয়াবা, ১৪ হাজার ৯৬৭ কেজি গাঁজা, ৬৩ হাজার ৫৭৫ বোতল বিদেশি মদ ও বিয়ার, ১৬ হাজার ৮৮০ বোতল ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ, ৪ লাখ ৩২ হাজার ৫১০টি যৌন উত্তেজক ট্যাবলেট এবং ২১০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এসব ঘটনায় আটক ৩৩৩ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক সম্পদ রক্ষা অভিযানে ১৬ হাজার ৮০০ ঘনফুট পাথর ও ৮ হাজার ২০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং আসন্ন শারদীয় দুর্গাপূজায় ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনসহ একটি বেইজ ক্যাম্প স্থাপনের কথা জানান বিজিবি কর্মকর্তা। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে তিনি শান্তি ও সম্প্রীতির সাথে দুর্গাপূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।