মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে দেশের সব নদ-নদী ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান, নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোন।
রোববার (১৮ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, সরকার নির্ধারিত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের আওতাধীন এলাকায় সার্বক্ষণিক টহলের পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অভিযানের পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। মৎস্য বিভাগ, জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথভাবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মা ইলিশ সংরক্ষণে যেকোনো অনিয়ম বা সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘনের তথ্য জানাতে সর্বসাধারণকে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা গেলে ভবিষ্যতে দেশের ইলিশ উৎপাদন ও সামগ্রিক মৎস্যসম্পদ রক্ষায় তা ইতিবাচক ভূমিকা রাখবে।