কুমিল্লা সীমান্তে ভুলবশত ভারতীয় সীমানায় প্রবেশের পর বিএসএফের হাতে আটক হওয়া বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৬ অক্টোবর) বিজিবির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তবর্তী ২০৫৯ নম্বর মেইন পিলারের কাছে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এবং ভারতের বিএসএফ ৪৯ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমেই বিএসএফ ওই দুই পুলিশ সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে দুপুর ১টা ৪২ মিনিটে বিজিবি তাঁদের বাংলাদেশ পুলিশের কাছে বুঝিয়ে দেয়।
ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সিএনজিচালিত অটোরিকশাযোগে পুলিশের একটি টহল দল ডিউটিতে বের হয়। টহল চলাকালে আশাবাড়ি সীমান্ত এলাকায় এক মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কনস্টেবল রোহিত দেওয়ান তাঁকে ধাওয়া করেন। ধাওয়া করার একপর্যায়ে তিনি ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়েন।
সেখানে অবস্থানরত কয়েকজন ভারতীয় নাগরিক রোহিত দেওয়ানকে আটক করলে, টহল দলের প্রধান সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন তাঁকে উদ্ধার করতে গিয়ে নিজেও আটক হন। পরবর্তীতে বিজিবি ও বিএসএফের কার্যকর যোগাযোগের মাধ্যমে পতাকা বৈঠকের আয়োজন করে উভয়কে নিরাপদে ফেরত আনা সম্ভব হয়।