দেশ-বিদেশে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টির লক্ষ্যে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক তৈরির ওপর জোর দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষদের কাছে প্রশিক্ষণ গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী জানান, প্রবাসে অদক্ষ শ্রমিক পাঠানোর অভিযোগ থেকে বেরিয়ে আসাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্বের অনেক দেশে ভিন্ন ট্রাফিক নিয়মে গাড়ি চালাতে হয় বলে দেশের অভিজ্ঞ চালকরাও বিদেশে গিয়ে সমস্যায় পড়েন। তাই দেশে থাকতেই বামপাশে গাড়ি চালানো, নেভিগেশন, সড়ক মানচিত্র, ট্রাফিক সংকেত ও প্রাথমিক যান্ত্রিক বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া জরুরি। প্রশিক্ষণের গুণগত মান বজায় রাখতে ড্রাইভিং শিখতে ইচ্ছুক ব্যক্তিদের চোখ পরীক্ষা ও শারীরিক সক্ষমতা যাচাইয়ের ওপর তিনি বিশেষ জোর দেন।

কর্মদক্ষতা বাড়াতে আগামী তিন মাস পর টিটিসিগুলোর প্রশিক্ষণের অগ্রগতি তদারকি করা হবে এবং যেসব প্রতিষ্ঠান বেশি দক্ষ চালক তৈরি করতে পারবে, তাদের পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেন মন্ত্রী। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএমইটি ও বিএমটিএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আটটি বিভাগের ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।