শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ সার্ভিস চালু থাকবে এবং এর জন্য ২০০টি বাস প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) থেকে ঢাকা ও সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি ও রিজার্ভ ব্যবস্থা শুরু হবে। ঢাকা ও গাজীপুর থেকে দেশের বিভিন্ন দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে এ বাসগুলো চলাচল করবে।

বিশেষ এই সার্ভিসের জন্য রাজধানীর মতিঝিল, ফুলবাড়িয়া, সায়েদাবাদ, মহাখালী, গাজীপুর চৌরাস্তা ও চন্দ্রা মোড়ে ৬০টি বাস প্রস্তুত রাখা হবে। যেকোনো তথ্যের জন্য বিআরটিসির কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের টেলিফোন (০২৪১০৫৩০৪২) ও মোবাইল (০১৩২৪২৯৩৯৭৪, ০১৭১৮১৮৩৫৮৯) নম্বরে যোগাযোগ করা যাবে।