রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অষ্টম দিনে ১ লাখ ২২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩৭ কেজি ইলিশ মাছ জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসন। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে প্রজনন মৌসুমে মাছ ধরার দায়ে তিন জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক।

মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর বিকেল থেকে ১৫ অক্টোবর দুপুর পর্যন্ত পদ্মানদীসহ জেলার বিভিন্ন এলাকায় মা ইলিশ সংরক্ষণে চারটি অভিযান ও একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে জব্দকৃত অবৈধ জাল উদ্ধার করা হয় এবং আটককৃত তিন জেলেকে গোয়ালন্দ উপজেলায় পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়।

গোয়ালন্দ উপজেলায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুতাসির হাসান খান। তবে এই অভিযানে কাউকে কোনো অর্থদণ্ড দেওয়া হয়নি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের স্বাভাবিক প্রজনন প্রবৃদ্ধি নির্বিঘ্ন রাখতে নদী এলাকায় এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।