বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এবং দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেদেরিকো জাম্পারেল্লি। সাক্ষাতে দুই দেশের মধ্যে বিমান চলাচল, এভিয়েশন খাতে বিনিয়োগ এবং পর্যটন উন্নয়নে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আলোচনা করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যে আকাশপথে যোগাযোগ বাড়ানো, উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল (এমআরও) সুবিধা উন্নয়ন এবং দ্বিপাক্ষিক পর্যটন সহযোগিতা জোরদারের নানা দিক তুলে ধরা হয়।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রোমে সপ্তাহে ছয়টি ফ্লাইট পরিচালনা করছে। ইতালি সরকার ঢাকা-রোম রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধির আগ্রহ জানালে মন্ত্রী জানান, ইউরোপে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসীর সুবিধা বিবেচনায় নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার পর ফ্লাইট বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হবে।

বৈঠকে বাংলাদেশে ইতালীয় বিনিয়োগ আকৃষ্ট করা এবং উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের হাব তৈরিতে ইতালীয় প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে কথা হয়। পাশাপাশি কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নের মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের যাতায়াত সহজ করা এবং বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও উন্নত অভিজ্ঞতা নিশ্চিতে বিশেষ 'রেড জোন' গঠনের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বাংলাদেশে ইতালীয় পর্যটকদের আগমন বাড়ায় পর্যটন আকর্ষণ ও যাতায়াত সুবিধা উন্নয়নে যৌথ সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে দুই পক্ষ মত প্রকাশ করেন। বৈঠক শেষে উভয় পক্ষই বাংলাদেশ ও ইতালির বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি এভিয়েশন ও পর্যটন খাতের বিকাশ ত্বরান্বিত করার আশাবাদ ব্যক্ত করেন।