চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে ঋণনির্ভরতা কমিয়ে ধীরে ধীরে যৌথ ও সরাসরি বিনিয়োগের দিকে যেতে চায় বাংলাদেশ।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে থাইল্যান্ডের ব্যাংককে চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই কথা জানিয়েছেন।
আলোচনায় অর্থমন্ত্রী জানান, সরকারের বর্তমান অর্থনৈতিক নীতিতে ঋণনির্ভর উন্নয়ন প্রকল্পের পরিবর্তে সরাসরি ও শেয়ারভিত্তিক যৌথ বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
একই দিন আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন অর্থমন্ত্রী। সেখানে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ, জ্বালানি তেল ও সয়াবিনসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর বিষয়টি তুলে ধরে ঋণ ব্যবস্থাপনা, বাণিজ্যিক সম্পর্ক ও অনুদানভিত্তিক বাড়তি আর্থিক সহায়তার আহ্বান জানানো হয়।
এছাড়া আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রতিনিধিদের সঙ্গেও বাংলাদেশের কৃষি খাতে সহায়তার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।