নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজধানী ঢাকাসহ সারা দেশে শীতের আমেজ শুরু হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতের আগমন ঘটলেও ঢাকায় শীতের অনুভূতি স্পষ্ট হতে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা এ কে এম নাজমুল হক বার্তা সংস্থা বাসসকে জানান, গত চার-পাঁচ বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এবারের শীত ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। শীতের চরম মৌসুমে ঢাকায় তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, ঢাকায় ইতিমধ্যেই উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করলেও ঘনবসতিপূর্ণ অঞ্চল হওয়ায় শীতের ভাব কিছুটা দেরিতে অনুভূত হবে। ডিসেম্বর থেকে মূলত শীতের প্রকোপ বাড়বে এবং জানুয়ারি মাসজুড়ে তা অব্যাহত থাকবে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে দিনের তাপমাত্রা আবারও বাড়তে শুরু করতে পারে।

এদিকে পঞ্চগড় ও ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে ইতিমধ্যেই শীতের আবহাওয়া শুরু হয়ে গেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা গত মঙ্গলবার ১৯ দশমিক ৩ ডিগ্রি এবং বুধবার ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই দিনে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।