গাজীপুরের টঙ্গীর মরকুনে মাদ্রাসাতুল মদিনার এতিম শিশুদের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন ‘আলোকিত গাজীপুর মানবিক সংগঠন’-এর নেতৃবৃন্দ ও সদস্যরা। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে স্থানীয় এতিমখানায় এ মানবিক আয়োজন করা হয়।
এতিম শিশুদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠনটির প্রতিনিধিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাসুম রানা, সভাপতি মোস্তাকিম খান, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম এ ফরিদ, জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান সুমন আহমেদ, সহ-সভাপতি নুরুজ্জামান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ সরকার, আলী শিকদার, হানিফ হোসেন ও সহিদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন মাদ্রাসাতুল মদিনার মসজিদের ইমাম ও খতিব মুফতি তানবীর আল মাহমুদি।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটাতে ভবিষ্যতে তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন। সংশ্লিষ্টদের মতে, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও অন্যান্য সংগঠন এগিয়ে এলে এতিম ও অসহায় শিশুদের কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করা সম্ভব হবে।