গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি ও গাজীপুর সিটি কর্পোরেশনের যৌথ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ২১টি ইউনিটের আপ্রাণ চেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
বুধবার (১৪ অক্টোবর) সকালে টঙ্গী শিল্প এলাকার স্কুইব রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের ইউনিট-২-এর সাত তলা ভবনের চার তলায় সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ সাংবাদিকদের জানান, "সাত তলা ভবনের চতুর্থ ও দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। ইনজেকশনসহ বিভিন্ন জরুরি ওষুধে আগুন লাগার কারণে তীব্র ধোঁয়া ও শ্বাসকষ্টের সমস্যা তৈরি হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে জরুরিভিত্তিতে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়।"
তিনি আরও জানান, আগুনে সাধারণ কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ফায়ার সার্ভিসের একজন কর্মী ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে আহত হয়েছেন। তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
কারখানার ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাদল জানান, আগুন দেখার পর শুরুতেই নিজস্ব ব্যবস্থাপনায় তা নেভানোর চেষ্টা করা হয়। তবে আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়।
অভিযান চলাকালে স্কুইব রোড ও আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকায় গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ জীবনযাত্রা থমকে দাঁড়ায়। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও সিটি কর্পোরেশনের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।