ডেঙ্গু প্রতিরোধে কেবল আলোচনা সভা ও সেমিনারে সীমাবদ্ধ না থেকে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান। তিনি বলেন, সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় জনগণ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই এসব প্রতিষ্ঠানকে কার্যকর করে ডেঙ্গু প্রতিরোধসহ নাগরিকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে ‘বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএইচের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান। প্রবন্ধের ওপর আলোচনা করেন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী এবং হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. খোরশেদ আলী মিয়া।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হালিম, ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মারুফ শাহরিয়ার এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুর উদ্দিন তালুকদারসহ বিশিষ্টজনেরা।
আলোচকরা উদ্বেগ প্রকাশ করে বলেন, করোনার মতো ডেঙ্গুও দেশে মারাত্মক রূপ ধারণ করছে। অথচ ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রত্যাশিত সরকারি উদ্যোগ দৃশ্যমান নয়। চিকিৎসা ক্ষেত্রে সুযোগ-সুবিধার ঘাটতি থাকায় আক্রান্ত রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ পরিস্থিতি উত্তরণে মশা নিধন ও চিকিৎসা সুবিধা বাড়ানোর পাশাপাশি ব্যাপক জনসচেতনতা তৈরির তাগিদ দেন তারা।
সেমিনারে সভাপতির বক্তব্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব বলেন, “ইতোমধ্যে এক লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হলেও তা প্রতিরোধে সরকারের প্রয়োজনীয় দৃশ্যমান পদক্ষেপ নেই। রাজনীতি যদি শুধু ক্ষমতার জন্য হয়, তবে জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা থাকে না।” তিনি ডেঙ্গুকে মহামারির দিকে যাওয়া থেকে ঠেকাতে অবিলম্বে সমন্বিত উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে বক্তারা ডেঙ্গু মোকাবিলায় সামাজিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দল ও সরকারের সক্রিয় ভূমিকার ওপর বিশেষ জোর দেন।