ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল বিএনপি যারা জনগণের দল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সরকার, যিনি জনগণকে দেওয়া কথা রাখেন।
সোমবার (১২ অক্টোবর) মিরপুর-১৩ এর ৪নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা-১৫ আসনের ফ্যামিলি কার্ড বিষয়ক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহারে ঘোষিত জনগণের জন্য একটি উপহার।
প্রশাসক সতর্ক করে দিয়ে বলেন, ফ্যামিলি কার্ড প্রদান নিয়ে দলের ভেতরে কেউ কোনো বিভ্রান্তি বা অনিয়ম সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কার্ড দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার বিভেদ বা বিভক্তি বরদাশত করা হবে না এবং প্রকৃত সুবিধাবোগী পরিবারগুলোকেই এই কার্ড দেওয়া হবে।
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, যেসব প্রার্থী ডেঙ্গু মোকাবিলা, বর্জ্য ব্যবস্থাপনা ও 'ক্লিন ঢাকা গ্রিন ঢাকা' গঠনে জনগণের পাশে থেকে সেবামূলক কাজ করবেন, কেবল তারাই দলের মনোনয়ন পাবেন। এছাড়া, খুব অল্প সময়ের মধ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাস্তা ও ফুটপাত হকার মুক্ত করে নগরবাসীকে একটি নান্দনিক ফুটপাত উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।