কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে সরকার প্রাথমিকভাবে তিনটি জেলায় পরীক্ষামূলকভাবে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে।
সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানান, এই প্রকল্পটি সফল হলে পরবর্তীতে সারা দেশে এটি সম্প্রসারিত করা হবে।
কৃষকেরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই ধান বিক্রি করতে পারেন, সে জন্য ব্যাংক হিসাব খোলার মতো আনুষ্ঠানিকতাগুলো সহজ করা হবে এবং প্রয়োজনে বিকাশের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে মূল্য পরিশোধের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি খাদ্য বিভাগের কর্মকর্তাদের স্বচ্ছতা, নিষ্ঠা ও জবাবদিহির সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং আমদানি করা চালসহ সকল খাদ্যশস্যের গুণগত মান শতভাগ নিশ্চিত করার কঠোর নির্দেশ দেন। পাশাপাশি, খাদ্যশস্য বিতরণে সিল ব্যবহার এবং অনিয়ম রোধে কঠোর নজরদারির তাগিদ দেন। খাদ্যে ভেজাল ও ক্ষতিকর উপাদান রোধে ভবিষ্যতে দেশের ৬৪টি জেলায় খাদ্য পরীক্ষার জন্য বিশেষ যানবাহন সরবরাহের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।