পরাজিত শক্তি ও তাদের মদতদাতাদের যেকোনো ধরনের নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি পুরোপুরি সজাগ ও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এস এম হান্নান শাহের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করে বলেন, পরাজিত শক্তি ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী গোষ্ঠী দেশের স্থিতিশীলতা বিনষ্ট করা ও সামাজিক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চলছে উল্লেখ করে তিনি বলেন, "গতকালও নাশকতার পরিকল্পনার অভিযোগে অবসরপ্রাপ্ত দুই সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।"

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে রিজভী জানান, পূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের দোসররা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে। এ ধরনের অপতৎপরতা ঠেকাতে বিএনপির নেতাকর্মীরা ‘ঘুমহীন প্রহরীর’ মতো সজাগ থাকবে। প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নজরদারি রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, "তৃণমূলের প্রতিটি নেতাকর্মী সরকারের অংশ। তাই তাদের আচরণে যেন ফ্যাসিবাদের কোনো ছাপ না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। রাতারাতি বিত্তশালী হওয়া কিংবা ঠিকাদারি ব্যবসার লোভে ১৭ বছরের দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের আদর্শকে বিসর্জন দেওয়া যাবে না।" তিনি আরও জোর দিয়ে বলেন, বিএনপি লুটপাট, চাঁদাবাজি বা দখলের রাজনীতিতে বিশ্বাস করে না; বরং শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠাই বিএনপির আসল লক্ষ্য।

দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বৈশ্বিক পরিস্থিতির কারণে ডিজেল আমদানিতে সাময়িক সংকট তৈরি হয়েছিল। তবে বর্তমান সরকার নিষ্ঠার সঙ্গে দিনরাত পরিশ্রম করে পরিস্থিতি স্বাভাবিক ও অর্থনৈতিক চাকা সচল রাখতে কাজ করে যাচ্ছে।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুল রহমান পেরার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল। এছাড়া অনুষ্ঠানে গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান এবং জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।