টাঙ্গাইলের গোপালপুরে বাসরঘরে হঠাৎ অসুস্থ হয়ে আয়নাল হক (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আয়নাল হক বেলুয়া গ্রামের মৃত দানেশ আলীর ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও ব্যবসায়ী ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর পরিবারের পরামর্শে বুধবার রাতে রুবিনা খাতুন (২০) নামে এক তরুণীকে দ্বিতীয় বিয়ে করেন আয়নাল। বিয়ে সম্পন্ন করে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পর বাসরঘরে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। স্বজনরা হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম।