নাটোরের গুরুদাসপুর পৌরসভার নতুন ভবনের ৪র্থ তলার অবশিষ্ট কাজ সমাপ্তকরণ প্রকল্পের শুভ উদ্বোধন ও ভবন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পৌর ভবন প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন নাটোরের জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার। পরবর্তীতে তিনি পৌরসভার নতুন ভবনের ৪র্থ তলার অসমাপ্ত কাজ সমাপ্তকরণ প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
গুরুদাসপুর পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভার নতুন ভবনের ৪র্থ তলার অসমাপ্ত কাজটি সম্পন্ন হলে কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কাজ পরিচালনায় ব্যাপক সুবিধা হবে, যা সার্বিকভাবে পৌরসভার নাগরিক সেবার পরিধি বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।
পৌরসভার প্রশাসক ফাহমিদা আফরোজের সার্বিক পরিকল্পনায় প্রকল্পটি বাস্তবায়ন করছে গুরুদাসপুর পৌরসভা। কাজটি করার দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স শাহ এন্টারপ্রাইজ’ (চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর) এবং এর ঠিকাদার মোঃ সেলিম শাহ্। পৌর প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এই কাজ শেষ হলে পৌরসভার প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আলমাস, প্রকৌশলী মিলন মিয়া, সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম এবং পৌর সচিব হাসান আলী।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি রাশিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক এম. সময় হাসান, সিনিয়র সদস্য মোঃ ইসরাফিল শেখ, নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমান আলী দুলুসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।