পুলিশের প্রতি জনগণের আস্থা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ। জনআস্থা বহাল রাখাটাই হচ্ছে আমাদের কাজ। আরও বেশি জনআস্থা প্রতিষ্ঠা করতে পারাটা আমাদের জন্য চ্যালেঞ্জ।’

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বজায় রয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেই আস্থাকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করাই এখন পুলিশের প্রধান চ্যালেঞ্জ।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন তুলে বলেন, সম্প্রতি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একটি জাতীয় দৈনিকে সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে পুলিশের জন্য জনআস্থা অর্জনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বর্তমান সরকারের আট মাস এবং পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছর মিলিয়ে দীর্ঘ সময় পার হলেও সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থার সংকট কাটেনি—এমন পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জনে পুলিশের আর কত সময় প্রয়োজন?

সাংবাদিকের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, ‘আপনি তো শুরুতেই সিদ্ধান্ত দিয়ে দিলেন যে জনআস্থা নাই!’

পরবর্তীতে সাংবাদিক আইজিপির সাক্ষাৎকারের প্রসঙ্গটি পুনরায় স্মরণ করিয়ে দিলে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘আমি যতটুকু বুঝেছি আইজিপির বক্তব্য মতে, জনআস্থা বহাল রাখাটাই হচ্ছে আমাদের জন্য মহান কাজ। জনআস্থা আমরা অর্জন করেছি।’