ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রাপ্ত সরকারি বেতনের অর্থায়নে রাজধানীর নলভোগে শুরু হয়েছে বিনামূল্যে নারী ও শিশুদের কোরআন শিক্ষা কার্যক্রম।

‘আলোকিত কোরআন শিক্ষা’র উদ্যোগে তুরাগ থানার নলভোগ এলাকায় বিএনপি নেতা আতিকুর রহমানের বাসভবনে আনুষ্ঠানিকভাবে এই কোরআন শিক্ষা কেন্দ্রটির উদ্বোধন করা হয়।

আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত কোরআন শিক্ষার চেয়ারম্যান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্যের সহধর্মিনী রাজিয়া সুলতানা।

সাবেক তুরাগ থানা বিএনপির সভাপতি ও স্থানীয় নেতা আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর তুরাগ থানার আহ্বায়ক কমিটির সদস্য ও ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল আলী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বুলু, বিএনপি নেত্রী ও কাউন্সিলর প্রার্থী সোহেলা পারভীন শিখা এবং তুরাগ থানা মহিলা দলের সভাপতি পদপ্রার্থী তাহমিনা রশিদ তানিয়াসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সুধীজন।

আয়োজক সূত্রে জানা যায়, অবহেলিত ও সাধারণ নারী এবং শিশুদের ধর্মীয় নীতি-নৈতিকতা ও সহিহ কোরআন শিক্ষায় শিক্ষিত করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সংসদ সদস্যের সরকারি সম্মানী ও বেতনের তহবিল থেকে এই মহতী কার্যক্রমটি সম্পূর্ণ বিনামূল্যে অব্যাহত থাকবে।