বিআরটিসি ১০০টি ইলেকট্রিক বাস কেনার জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে ৪০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে। পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত এই প্রকল্পের আওতায় ১০০টি ইলেকট্রিক বাস কেনা ছাড়াও ২৫টি চার্জিং স্টেশন স্থাপন, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে। ঢাকা ও দেশের বিভাগীয় শহরগুলোতে এই বাসগুলো চালানোর পরিকল্পনা করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অর্থ মন্ত্রণালয়ের কাছে এই অর্থ অনুদান বা ইক্যুইটি হিসেবে বরাদ্দ চেয়েছে। এর আগে অর্থ বিভাগ উন্নয়ন প্রকল্প গ্রহণের পরামর্শ দিলেও বিআরটিসি জানিয়েছে যে, ঋণের বোঝা এড়াতে এবং জনস্বার্থে পরিচালিত এই সেবাকে টেকসই করতে সরাসরি সরকারি বরাদ্দের প্রয়োজন।

প্রকল্পের ব্যয়ের খসড়া অনুযায়ী, বাস কিনতে ২৫০ কোটি টাকা, চার্জিং স্টেশন স্থাপনে ৫০ কোটি টাকা, যন্ত্রাংশ ও স্পেয়ার পার্টস কিনতে ৩৫ কোটি টাকা, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তায় ২০ কোটি টাকা, রেজিস্ট্রেশনসহ অন্যান্য পরিবহন ব্যয়ে ২৫ কোটি টাকা এবং ডিপো উন্নয়ন ও মেরামতে ২০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি বায়ুদূষণ কমবে এবং গণপরিবহন সেবার আধুনিকায়ন সম্ভব হবে বলে আশা করছে বিআরটিসি।