খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, বর্তমান সরকার গণভোট, গণরায় এবং রাষ্ট্রীয় সংস্কারের প্রত্যাশাকে উপেক্ষা করে সেগুলোর পেছনে ছুরিকাঘাত করেছে।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের সাহিদ গার্ডেনে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, সংবিধান সংশোধনীর মাধ্যমে সরকার মূলত জনগণের রায়ের সঙ্গে নির্মম তামাশা করেছে। অথচ গণ-অভ্যুত্থানের প্রধান প্রত্যাশা এবং সব রাজনৈতিক দলের ঐকমত্য ছিল রাষ্ট্রীয় সংস্কার। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ১৯৭০ সালের ম্যান্ডেট উপেক্ষা করার কারণে যেমন পাকিস্তানের স্বৈরশাসকরা ব্যর্থ হয়েছিল এবং ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত জনগণের রায়ের সঙ্গে ছিনিমিনি খেলার কারণে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে, বর্তমান সরকারকেও সেই ইতিহাসের কথা মনে রাখা উচিত।

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আশা করব তিনি শেখ হাসিনার ভুল পথে পা বাড়াবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে জনগণের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সংবিধান সংস্কারের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দেন মামুনুল হক।

নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহসহ খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।