খুলনার বিভিন্ন বাজারে চলতি সপ্তাহে সবজি ও মুরগির দাম কমেছে। তবে মাছের দাম এখনো আগের মতোই চড়া। রোববার (১৯ জুলাই) সকালে খুলনার নিউ মার্কেট, মিস্ত্রিপাড়া ও নতুন বাজারে এই চিত্র দেখা গেছে।
সবজির বাজারে প্রতি কেজি পটল, কুশি, ঢেঁড়স ও লাল শাক ৩০ টাকা; পেঁপে ও মিষ্টিকুমড়া ৩০-৪০ টাকা; আলু ২৫-৩০ টাকা; বেগুন ও লাউ ৪০-৫০ টাকা; শসা ৮০ টাকা এবং কাঁচামরিচ ১২০-১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি পেঁয়াজ ৪০-৫০ টাকা এবং রসুন ৮০-৯০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।
মুরগির বাজারে ব্রয়লার ১৭০-১৮০ টাকা, সোনালি ২৭০-২৮০ টাকা এবং লেয়ার ২৮০-৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে মাছের বাজারে দাম এখনো বাড়তি। রুই ২৫০-২৮০ টাকা, কাতলা ২৪০-২৫০ টাকা, ভেটকি ৪০০-৪৫০ টাকা, ছোট চিংড়ি ৬৫০-৮০০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, ট্যাংরা ৬০০-৭০০ টাকা এবং পাঙাশ ও তেলাপিয়া ১৮০-২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে, তবে বৃষ্টির কারণে ভবিষ্যতে দাম বাড়ার আশঙ্কা রয়েছে। অপরদিকে সমুদ্রের মাছের সরবরাহ কম হওয়ায় ঘেরের মাছের দাম বেশি বলে জানিয়েছেন মাছ বিক্রেতারা। সব মিলিয়ে মাছের উচ্চমূল্য নিয়ে ক্রেতাদের মধ্যে অস্বস্তি থাকলেও মুরগির দাম কিছুটা কম হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!