ফুটবল বিশ্বকাপের মঞ্চে নতুন এক রেকর্ডের দ্বারপ্রান্তে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামলেই তিনি স্পর্শ করবেন ৪৪ বছরের পুরোনো এক ইতিহাস। এতদিন এই রেকর্ডটি ছিল কিংবদন্তি উবালদো ফিল্লোলের দখলে।

আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে একাদশে জায়গা পেলেই মার্তিনেজ হয়ে যাবেন বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা একক গোলকিপার। ২০২২ কাতার বিশ্বকাপ এবং চলমান ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে এখন পর্যন্ত ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক খেলেছেন ১৩টি ম্যাচ। ১৯৭৪, ১৯৭৮ ও ১৯৮২ বিশ্বকাপ মিলিয়ে ঠিক ১৩টি ম্যাচ খেলেছিলেন কিংবদন্তি উবালদো ফিল্লোল। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সেই রেকর্ডটি অক্ষত ছিল।

এই রেকর্ড গড়ার পথে তিনি পেছনে ফেলেছেন ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে ১২ ম্যাচ খেলা সার্জিও রোমেরোকে। আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে গোলকিপারদের তালিকার অন্যান্যদের মধ্যে নেরি পুম্পিদো খেলেছেন ৯ ম্যাচ, আর সার্জিও গোইকোচিয়া ও আন্তোনিও রোমার খেলেছেন ৬টি করে ম্যাচ।

আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত ১৯ জন গোলকিপার মাঠে নামলেও ফিল্লোল ও মার্তিনেজের উচ্চতায় পৌঁছাতে পারেননি কেউ। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমিলিয়ানো মার্তিনেজ এবারও আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযানের প্রধান ভরসার প্রতীক। এখন দেখার বিষয়, ইতিহাস গড়ার এই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ‘দিবু’ কতটা জ্বলে উঠতে পারেন।