নাটোরের গুরুদাসপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি হাসপাতাল সড়ক হয়ে রোকেয়া গার্লস স্কুল মোড় প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে পৌর এলাকার প্রধান সড়ক মুখর হয়ে ওঠে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ওমর আলী শেখ, সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান সোহাগ, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম বিপ্লবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মানুষের প্রত্যাশিত সময় সামনে এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বক্তব্যে এমপি আব্দুল আজিজ বলেন, “আমরা এই সময়ের দিকে তাকিয়ে আছি। কারণ আমাদের আনন্দঘন দিন সামনে আসবে। তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। ক্ষতবিক্ষত দেশকে নতুন করে সাজিয়ে উন্নয়নের পথে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হবে। দেশ গড়ার লক্ষ্যে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!