মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের মালশাগাড়ি বিল এলাকায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন ও পাঁচটি ডেবিট কার্ড জব্দ করা হয়।

শনিবার (৮ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেন মেহেরপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা। এর আগে শুক্রবার দিবাগত রাতে খোকসা মল্লিকপাড়ার শহিদুলের পুকুরপাড়ের একটি টংঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আমির হামজা (১৯), আবু সামা শিশির (১৯), জাহিদুল ইসলাম (২৫) এবং নাহিদ হোসেন (২২)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অনলাইন জুয়া খেলার বিষয়টি নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালানো হয়। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে মেহেরপুর সদর থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তার চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।