যশোরের শার্শা উপজেলার ২নং লক্ষণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন আহসান হাবীব খোকন।
গতকাল ২৪ নভেম্বর তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হতে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদনপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে তার প্রার্থিতা আরও জোরালো হলো।
স্থানীয় নেতাকর্মী, মুরব্বি, যুব সমাজ ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে তিনি এই ঘোষণা দেন। ঘোষণার পরপরই এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ঘোষণা দিতে গিয়ে আহসান হাবীব খোকন বলেন, লক্ষণপুর আমার জন্মস্থান, এই মাটির মানুষের ভালোবাসায় আমি বড় হয়েছি। আমি পদ-পদবির জন্য নয়, এলাকার মানুষের সেবা করার জন্য প্রার্থী হয়েছি। আপনারা পাশে থাকলে লক্ষণপুরকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করবেন। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে কর্মমুখী করে গড়ে তোলা, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সবার জন্য উন্মুক্ত পরিষদ গড়ে তোলাই হবে তার মূল লক্ষ্য।
স্থানীয় বাসিন্দারা জানান, আহসান হাবীব খোকন দীর্ঘদিন ধরে এলাকার সুখে-দুঃখে মানুষের পাশে আছেন। সামাজিক কাজ, গরিব মানুষের সাহায্য, মসজিদ-মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তার ভূমিকা এলাকাবাসীর কাছে পরিচিত। সে কারণে তার প্রার্থী হওয়ার ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে আনন্দ দেখা গেছে।
এলাকার একাধিক প্রবীণ ব্যক্তি বলেন, আমরা একজন সৎ, সাহসী ও মানুষের কথা শোনে এমন চেয়ারম্যান চাই। খোকনকে আমরা সেভাবেই জানি। আশা করি তিনি নির্বাচিত হলে লক্ষণপুরের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন।
ঘোষণার সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, আহসান হাবীব খোকনকে জয়ী করতে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন। ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তার পক্ষে গণসংযোগ শুরু হয়েছে।
সবশেষে আহসান হাবীব খোকন লক্ষণপুর ইউনিয়নের সকল ভোটার, মুরব্বি, মা-বোন ও যুব সমাজের দোয়া ও সমর্থন কামনা করেন।