দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বিতরণের জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচাই করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে সেগুলোর মান ও ব্যবহারিক দিক পরখ করে দেখেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী ছাত্রীদের মাঝে বিতরণের জন্য কয়েকটি নমুনার বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়। এ সময় প্রধানমন্ত্রী নিজে সেগুলো চালিয়ে সাইকেলগুলোর মজবুতি ও চালানোর সুবিধা যাচাই করেন।

এই বিশেষ উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট তিন লাখ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রীরা একটি করে বাইসাইকেল পাবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো, যাতায়াত সহজ করা এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সাইকেল পরিদর্শন ও মান যাচাইয়ের সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।