চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ঘাসের জমিতে ককটেল বোমা তৈরির সময় বিস্ফোরণে টমাস (৩৫) নামে একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্ত এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত টমাস শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর টোলা গ্রামের গোলাম মর্তুজার ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী (পিএস) এবং কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের নেতা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণে চৌকা সীমান্ত এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের বিকট শব্দ শুনে এবং ধোঁয়ার কুণ্ডলী দেখে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তারা একজনকে রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং আশপাশে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় আহত অপর তিনজন ঘটনাস্থল থেকে সটকে পড়েন বা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তে ককটেল বোমা তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম আলামত হিসেবে জব্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, নিহত টমাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের পিএস ছিলেন। আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এই বোমাগুলো তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।