রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’-কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা-ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় সুইডেন আসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ২২টি মামলা হয়েছে, যার মধ্যে ৯টি হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।
চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকাভুক্ত ছিলেন সুইডেন আসলাম। ১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এরপর একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় তার নাম জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তিনি কিছুদিন সুইডেনে অবস্থান করেন এবং সেখান থেকে ফেরার পর তার নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়।
এর আগে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর তাকে বিভিন্ন কারাগারে রাখা হয়। পরবর্তীতে ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন (হাজতি নম্বর ৬৬৩/২০)। দীর্ঘ সময় কারাবাসের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান নব্বয়ের দশকের আলোচিত এই শীর্ষ সন্ত্রাসী।