উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে বেনগাজি বন্দরে নোঙর করা একটি রুশ যুদ্ধজাহাজে সামুদ্রিক ও উড়ন্ত ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন লিবীয় ও রুশ নাগরিক নিহত হয়েছেন। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রোববার ভোরের দিকে বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে একটি নৌঘাঁটির কাছাকাছি এ হামলা চালানো হয়। বন্দরসূত্রের বরাতে জানা গেছে, জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, সামুদ্রিক ড্রোনের পাশাপাশি অন্তত তিনটি বিস্ফোরকবাহী উড়ন্ত ড্রোনও জাহাজটিতে আঘাত হানে।

স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তথ্য অনুযায়ী, হামলার শিকার জাহাজটির নাম ‘মারকুরি’, যা রুশ নৌবাহিনীর একটি করভেট বা ছোট যুদ্ধজাহাজ। রোববার ধারণ করা স্যাটেলাইট চিত্রে জাহাজটির বেশিরভাগ অংশ উল্টে ডুবে যেতে দেখা গেছে; কেবল সামনের অংশ (বো) পানির ওপরে দৃশ্যমান রয়েছে। এ ছাড়া কাঠামোর কিছু অংশ থেকে ধোঁয়া উঠতে এবং জেটির চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে।

বেনগাজি-ভিত্তিক লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকার আগেই জানিয়েছিল যে, রাশিয়া ও পূর্বাঞ্চলীয় প্রশাসনের মধ্যকার একটি সহযোগিতা চুক্তির আওতায় জ্বালানি সংগ্রহ ও প্রয়োজনীয় রসদ নেওয়ার জন্য জাহাজটি সেখানে নোঙর করেছিল।

এদিকে রোববার গভীর রাতে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানায়, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি ঘাঁটি থেকে জাহাজটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। তবে এ বিষয়ে রাশিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং কোনো পক্ষই এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

একই দিন সন্ধ্যায় বেনগাজি বন্দরের অদূরে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা ঘটে। বেনগাজি নগর প্রশাসনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ওই হামলায় ক্ষতিগ্রস্ত বাণিজ্যিক জাহাজের সব নাবিককে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি রোববার আল-মাসার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জানায়, বেনগাজি উপকূলে নৌ ও বিমান বাহিনী আরও অন্তত ১২টি সামুদ্রিক ড্রোন ধ্বংস করেছে।

যৌথ তদন্ত ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া বেনগাজি-ভিত্তিক প্রশাসন জানিয়েছে, হামলার পরিস্থিতি, উৎস এবং এর পেছনে কারা জড়িত তা উদঘাটনে তারা রাশিয়ার সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এলাকাটি সুরক্ষিত করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। একই সঙ্গে এই হামলাকে লিবিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন ও সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে নিন্দা জানানো হয়েছে।

এর আগে গত মার্চ মাসে লিবিয়ার উপকূলে রাশিয়ার একটি তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি)বাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে দায়ী করেছিলেন। এছাড়া গত ডিসেম্বরে ভূমধ্যসাগরে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাঙ্কারে আকাশপথে ড্রোন হামলার কথা জানিয়েছিল ইউক্রেন।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ তালহা আব্দুলরাজাক আল-জাজিরাকে জানান, বেনগাজি বন্দরে এই হামলার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর সম্পৃক্ততার সম্ভাবনা বেশি। তার মতে, গত বছরের শেষ দিকে বিভিন্ন প্রতিবেদনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা ও ত্রিপোলি-ভিত্তিক সরকারের মধ্যে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা সংক্রান্ত চুক্তির কথা উঠে এসেছিল।

২০১১ সালে ন্যাটো-সমর্থিত অভ্যুত্থানে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়া বিভক্ত—বর্তমানে ত্রিপোলিতে জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত সরকার এবং পূর্বাঞ্চলে বেনগাজিতে প্রতিদ্বন্দ্বী প্রশাসন রয়েছে। আব্দুলরাজাকের মতে, লিবিয়ায় চালানো এই হামলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধেরই একটি প্রভাব।

এদিকে পূর্বাঞ্চল-ভিত্তিক লিবিয়া সরকারের প্রধানমন্ত্রী ওসামা হাম্মাদ হামলার আন্তর্জাতিক তদন্তের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি সন্দেহ প্রকাশ করেন যে, ড্রোনবাহী নৌকাগুলো পশ্চিম লিবিয়া থেকে ছাড়া হয়েছিল এবং সেখানে ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতি আছে কি না তা যাচাই করে কিয়েভের কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া উচিত। তেলসমৃদ্ধ লিবিয়া দীর্ঘদিন ধরেই রাশিয়া ও পশ্চিমা বিশ্বের কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার অন্যতম কেন্দ্র হয়ে রয়েছে।

(সূত্র: আলজাজিরা)