কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবৈধ লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল থেকে টঙ্গী বাজার এলাকায় নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন টঙ্গী থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও স্থানীয় বিএনপি নেতা আলহাজ্ব রাশেদুল ইসলাম কিরণ। তাঁর ডাকে সাড়া দিয়ে শত শত নেতাকর্মী টঙ্গী বাজার এলাকায় জড়ো হন।

সকাল থেকেই টঙ্গী বাজার এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। পরে আলহাজ্ব রাশেদুল ইসলাম কিরণের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় টঙ্গী বাজারে এসে শেষ হয়।

মিছিল চলাকালে নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবৈধ লকডাউন, নৈরাজ্য ও রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে টঙ্গী বাজারসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকা।

প্রতিবাদ মিছিলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় অবস্থান নিয়ে লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদ জানান। নেতাকর্মীদের উপস্থিতিতে টঙ্গীর গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় রাজনৈতিক উত্তাপ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আলহাজ্ব রাশেদুল ইসলাম কিরণের নেতৃত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিলটি টঙ্গী বাজারে এসে শেষ হওয়ার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।