জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি সমন্বিত ও কার্যকর জাতীয় কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত ‘মূল্যায়ন থেকে কার্যকর পদক্ষেপ: বাংলাদেশের জাতীয় ক্ষয়ক্ষতি কাঠামো’ শীর্ষক এক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, নদীভাঙন, উপকূলীয় লবণাক্ততা ও ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার মতো জলবায়ুজনিত সংকট বাংলাদেশের মানুষের নিত্যদিনের বাস্তবতা। এসব ক্ষয়ক্ষতি যথাযথভাবে নিরূপণ ও মোকাবিলায় একটি কার্যকর জাতীয় কাঠামো অত্যন্ত জরুরি। তৃণমূলের কৃষক, জেলে ও স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি এই কাঠামো শুধু আর্থিক ক্ষয়ক্ষতিই নয়, বরং ভিটেমাটি হারানো এবং সামাজিক বন্ধন নষ্ট হওয়ার মতো অপূরণীয় মানবিক ক্ষতিও মর্যাদার সঙ্গে নিরূপণ করবে।

এ সময় তিনি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয়ে একটি একক জাতীয় তথ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে এ কাঠামো বাস্তবায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাইমুম। এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।