রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বুধবার (১৮ নভেম্বর) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন তাৎক্ষণিক খাদ্য, চিকিৎসা ও পুনর্বাসনের এ ঘোষণা দেন।
পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। ধ্বংসস্তূপ পরিষ্কার করার পরপরই সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের বাসস্থান আগের অবস্থায় দ্রুত পুনর্নির্মাণ করে দেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় ভূমির মালিকদের উদ্দেশে স্পষ্ট নির্দেশনা দিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, যেহেতু সরকার ঘরবাড়ি নির্মাণ করে দেবে, তাই ভূমির মালিকরা আগামী দুই মাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছ থেকে কোনো ভাড়া নিতে পারবেন না। পাশাপাশি আগামী এক বছরের আগে তাদের উচ্ছেদ বা অন্যত্র চলে যাওয়ার কোনো নোটিশও দেওয়া যাবে না।
পুরো পুনর্বাসন ও সহায়তা কার্যক্রমে যেন কোনো ধরনের অনিয়ম না হয়, সেজন্য একটি বিশেষ মনিটরিং সেল ও কমিটি গঠন করা হচ্ছে বলে জানান প্রশাসক। সিটি করপোরেশন প্রশাসক হিসেবে নৈতিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।