রাজধানীর মোহাম্মদপুরে একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আধা ঘণ্টা আগে শেরেবাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) রাতে পৃথক এ দুটি ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকায় আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের কার্যালয়ের সামনে দাঁড়ানো একটি পিকআপ ভ্যানে আগুন লাগে। মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, মো. শফিকুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তির মালিকানাধীন পিকআপটির (ঢাকা মেট্রো-ন-১১-৭৫৮৩) চালকের কেবিনে আগুন ধরে যায়। এতে গাড়ির সিট পুড়ে গেলেও স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

পিকআপের মালিক শফিকুল ইসলাম পুলিশকে জানান, আগুন লাগার সময় ট্রাকচালক ইউনিয়নের কার্যালয়ে অনেক লোকজন উপস্থিত ছিলেন এবং সেখানে সাতজন নিরাপত্তাকর্মীও দায়িত্বে ছিলেন। বাইরের কেউ স্ট্যান্ডে ঢুকে আগুন দেননি দাবি করে তিনি ধারণা করছেন, অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটানো হতে পারে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে, একই দিন রাত ১০টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পথচারীসহ তিনজন আহত হন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণে আহত তিনজনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলেও জানান তিনি।