রাজধানীর রামপুরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রামপুরা থানা পুলিশের একটি অভিযানিক দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মধ্যরাতে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— নাসির উদ্দিন (৫০), মো. রাজু (৪৮), বেলাল আহমেদ (৬০), রবিউল ইসলাম মুন্না (২৩), আনোয়ারুল হক (৬৮) এবং মো. সৌরভ ইবনে নবী মৃদুল (৩৪)। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার নাসির উদ্দিন রামপুরার ২৩ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিটের সদস্য, মো. রাজু ২৩ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বেলাল আহমেদ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র। এ ছাড়া রবিউল ইসলাম মুন্না রামপুরা থানা ছাত্রলীগের সক্রিয় সদস্য, আনোয়ারুল হক রামপুরা থানা আওয়ামী লীগের সদস্য এবং সৌরভ ইবনে নবী মৃদুল রামপুরা থানা যুবলীগের সদস্য হিসেবে পরিচিত।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নাসির উদ্দিনের বাবার নাম মৃত সুন্দর আলী এবং তার ঠিকানা রামপুরার ২৬/১৪ মৌলভীরটেক। মো. রাজুর বাবার নাম হাসমত আলী; তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার চৌধুরীপাড়া এবং বর্তমান ঠিকানা রামপুরার ২৭/২ মৌলভীরটেক। বেলাল আহমেদের বাবার নাম মৃত সালামতউল্লাহ; তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার পশ্চিম আঙ্গারপাড়ায় এবং ঢাকার বর্তমান ঠিকানা ১/৬ দক্ষিণ মুগদা।

অন্যদিকে রবিউল ইসলাম মুন্নার বাবার নাম মো. বাবুল হোসেন এবং তার ঠিকানা রামপুরার ৪৪/৫ বউবাজার। আনোয়ারুল হকের বাবার নাম মৃত আমিনুল হক, যার ঠিকানা পূর্ব রামপুরার ১৩৮/২ জামতলা এবং সৌরভ ইবনে নবী মৃদুলের বাবার নাম গোলাম নবী ও তার ঠিকানা রামপুরার ১৩৮/৫ জামতলা। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে রামপুরা থানা পুলিশ।