যশোরের ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার্থীর নির্বাচনী পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় ম্যাথিয়াস রোজারিওকে তাঁর নিজ কক্ষে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি।

বিদ্যালয়ের ১২ জন শিক্ষক ও সদস্যের স্বাক্ষরিত লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে আরফিন আহমেদ নামের এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হয়। ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে ওই শিক্ষার্থীর অভিভাবক ইউনুস আলী মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কার্যালয়ে প্রবেশ করেন।

অভিযোগে বলা হয়েছে, এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই ইউনুস আলী প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় ম্যাথিয়াস রোজারিওর ওপর শারীরিকভাবে হামলা চালান এবং তাঁকে লাঞ্ছিত করেন। এ ছাড়া অভিযুক্তের স্ত্রীও বিদ্যালয়ে এসে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করে।

এদিকে শিক্ষকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি। সংগঠনের সভাপতি মো. আহাছান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন সোহাগ এক যৌথ বিবৃতিতে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের হামলা শুধু একজন শিক্ষকের ওপর নয়, বরং সমগ্র শিক্ষক সমাজ ও দেশের শিক্ষা ব্যবস্থার ওপর আঘাত।

বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত ইউনুস আলীকে আটক করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।