জমি নামজারিতে ঘুষ দাবি, হাসপাতালে চিকিৎসাসেবা দিতে হয়রানি, নদীভাঙন রোধ প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংস্কারের দরপত্রে অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগে দেশের চার স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৬ নভেম্বর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের পৃথক পৃথক টিম এসব অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, দুদকের অভিযানে শরীয়তপুরের ডামুড্যায় ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ গ্রহণের অভিযোগের পাশাপাশি মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ও টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হয়। এছাড়া ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীর তীর সংরক্ষণ প্রকল্পে প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দরপত্রে অনিয়মের অভিযোগেও অভিযান পরিচালনা করা হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে জমি নামজারির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ দাবি ও সেবা দিতে হয়রানির অভিযোগে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল অভিযান চালায়। এ সময় স্থানীয় বাসিন্দা আওলাদ হোসেনের নামজারি কার্যক্রমে তিন মাসের বেশি সময়ক্ষেপণ এবং ১০ হাজার টাকা ঘুষ গ্রহণের বিষয়টি যাচাই করা হয়। স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের উপস্থিতিতে অভিযুক্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শরিয়তউল্লাহ ওই ঘুষের টাকা ফেরত দেন বলে জানা গেছে।
অন্যদিকে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দিতে হয়রানি, ই-জিপি টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং নিম্নমানের ও অসম্পূর্ণ চিকিৎসাসামগ্রী সরবরাহ করে শতভাগ বিল উত্তোলনের অভিযোগে কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল অভিযান পরিচালনা করে। দুদকের এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং পরবর্তীতে টেন্ডার প্রক্রিয়ার রেকর্ডপত্র সংগ্রহ করে। এ ছাড়া হাসপাতালের রান্নাঘর, রোগীদের খাবারের মান, দালালদের দৌরাত্ম্য ও সার্বিক পরিবেশ সরেজমিনে পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা।
ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের সুগন্ধা নদীভাঙন রোধ প্রকল্প ও বিষখালী নদীর তীর সংরক্ষণকাজে ভুয়া কোটেশন ও বিল-ভাউচার দেখিয়ে প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দলও অভিযান চালায়। ল্যাপটপ ও ফটোকপি মেশিন কেনাসহ বিভিন্ন জরুরি কাজের নামে অর্থ আত্মসাতের এই অভিযোগে টিমটি ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে এবং নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে কাজের পরিমাপ নেয়।
পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংস্কার ও সংরক্ষণকাজের দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম, নির্ধারিত সময় পরিবর্তন এবং যোগসাজশের মাধ্যমে পছন্দের ঠিকাদারকে কার্যাদেশ দেওয়ার অভিযোগে আগারগাঁওয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে অভিযান চালায় দুদকের প্রধান কার্যালয়ের একটি দল। এই অভিযানে সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করার পাশাপাশি প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর সংস্কারকাজও পরিদর্শন করা হয়।
দুদকের এনফোর্সমেন্ট ইউনিট জানিয়েছে, এই চারটি অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে এবং পরবর্তীতে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।