শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত করা এবং অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এসএম আবদুর রহমান।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর গণযোগাযোগ অধিদপ্তরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এক বিশেষ জ্ঞান বিনিময় ও দক্ষতা উন্নয়ন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘আমরা নারী’র উদ্যোগে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় ‘এডুকেশনাল ভিজিট, এক্সক্লুসিভ নলেজ-শেয়ারিং সেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এক্সপেরিয়েনশিয়াল লার্নিং ইনিশিয়েটিভ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহাপরিচালক জানান, শিক্ষার্থীদের অ্যাকাডেমিক জ্ঞানের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সংযোগ ঘটানোর এ ধরনের উদ্যোগ তরুণদের আত্মবিশ্বাস, পেশাগত প্রস্তুতি ও নেতৃত্বের সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এবং জ্ঞান বিনিময় পর্বে বিশেষ বক্তব্য দেন পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) সৈয়দ এ মোমেন। তারা অধিদপ্তরের কার্যক্রম, সরকারি প্রচার, জনসচেতনতা সৃষ্টি, কারিগরি সক্ষমতা ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ধারণা দেন। অ্যাকাডেমিক দৃষ্টিকোণ থেকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রভাষক সুমাইয়া জাহিদ সাংবাদিকতা শিক্ষায় তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন।

আয়োজক প্রতিষ্ঠান ‘আমরা নারী’র প্রতিষ্ঠাতা এমএম জাহিদুর রহমান (বিপ্লব) বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ এবং তাদের দক্ষতা, নেতৃত্ব ও সৃজনশীলতার বিকাশের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক ও দক্ষ পেশাজীবী তৈরি করা সম্ভব। ১৪ থেকে ৩০ বছর বয়সী তরুণ ও শিক্ষার্থীদের ক্ষমতায়নের মাধ্যমে একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় তাদের সংগঠন কাজ করছে উল্লেখ করে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শিক্ষা ও বাস্তব কর্মক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন তৈরিতে এ ধরনের শিক্ষাসফর ও অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা গণযোগাযোগ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, জনসচেতনতামূলক উদ্যোগ এবং গণমাধ্যমের দায়িত্ব সম্পর্কে সরাসরি জ্ঞান অর্জন করেন। ভবিষ্যতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও পেশাজীবী প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। সেমিনারের সমাপনী পর্বে প্রধান অতিথি গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এসএম আবদুর রহমান অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।