সরকারি হাসপাতালে আধুনিক চিকিৎসার পাশাপাশি আকুপাংচারসহ ট্র্যাডিশনাল বা বিকল্প চিকিৎসাপদ্ধতি চালুর দাবি জানিয়েছেন সংসদ সদস্য, চিকিৎসক ও স্বাস্থ্য খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা বলেছেন, বিকল্প চিকিৎসাপদ্ধতির প্রসার ঘটানো গেলে মানুষের চিকিৎসার ব্যয় উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব এবং রোগীদের নিজেদের পছন্দ অনুযায়ী চিকিৎসাপদ্ধতি বেছে নেওয়ার সুযোগ দিতে হবে।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে মেডিগো হেলথকেয়ার আয়োজিত বিশ্ব আকুপাংচার দিবস উপলক্ষ্যে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।

সেমিনারে ‘সায়েন্টিফিক এভিডেন্স অব সেফটি অ্যান্ড এফিকেসি অব আকুপাংচার’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আকুপাংচার বিশেষজ্ঞ ডা. আব্দুল কাইয়ুম খান ও ডা. মুশফিকুর রহমান। এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল অ্যাসোসিয়েশনের (বুয়ামা) সভাপতি ডা. তাওহিদ আল বেরুনী, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদ শুভ এবং সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ও আকুপাংচার বিভাগের প্রধান ডা. মাকসুদ আলী। পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিগো হেলথকেয়ার লিমিটেডের প্রধান উপদেষ্টা ডা. ইয়াজদান চৌধুরী।

মূল প্রবন্ধে ডা. মুশফিকুর রহমান জানান যে দীর্ঘমেয়াদি পেশি ও অস্থিসন্ধির ব্যথা, মাইগ্রেন, হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস, আইবিএস ও ফাইব্রোমায়ালজিয়ার চিকিৎসায় আকুপাংচার বেশ ভালো ফল দিচ্ছে। বিশ্বে ২০ থেকে ৩০ শতাংশ মানুষ দীর্ঘমেয়াদি ব্যথায় আক্রান্ত এবং বাংলাদেশেও বিপুলসংখ্যক মানুষ মেরুদণ্ডের বিভিন্ন সমস্যায় ভুগছেন। বিশেষ করে নারী, বয়স্ক ব্যক্তি, দীর্ঘ সময় ডেস্কে কাজ করেন এমন ব্যক্তি, গাড়িচালক, ব্যাংক কর্মকর্তা, পোশাকশ্রমিক ও কায়িক শ্রমজীবীদের মধ্যে এ ধরনের সমস্যা বেশি দেখা যায়। আকুপাংচারের কার্যপদ্ধতি ব্যাখ্যা করে তিনি বলেন, এ চিকিৎসাপদ্ধতি শরীরের নির্দিষ্ট স্থানের টিস্যুকে উদ্দীপিত করে এবং স্নায়ুতন্ত্রের মাধ্যমে ব্যথা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, পাশাপাশি এন্ডোরফিন ও এনকেফালিনের মতো রাসায়নিক উপাদান নিঃসরণে সহায়তা করে। প্রায় ৭৫০ জন রোগীর ওপর পরিচালিত ১৭টি দৈবচয়নভিত্তিক নিয়ন্ত্রিত পরীক্ষায় আকুপাংচারের কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে এবং ম্যানুয়াল আকুপাংচারের তুলনায় ইলেকট্রো-আকুপাংচার বেশি কার্যকর বলে প্রতীয়মান হয়েছে। এছাড়া অনিদ্রা ও দীর্ঘমেয়াদি মাথাব্যথার চিকিৎসায়ও আকুপাংচার ব্যবহৃত হয় এবং তিন থেকে চার সপ্তাহের থেরাপিতে অনিদ্রায় আক্রান্ত অনেক রোগীর উন্নতি হচ্ছে বলে জানান তিনি। ব্যথানাশক ও স্টেরয়েডের ওপর নির্ভরতা কমাতে আকুপাংচারের বৈজ্ঞানিক প্রয়োগ এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি।

সেমিনারে বাংলাদেশ হেলথ রিপোর্টাস ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদ শুভ উল্লেখ করেন যে চীন সফরে তিনি দেখেছেন দেশটির সরকারি হাসপাতালে আধুনিক চিকিৎসার পাশাপাশি ঐতিহ্যবাহী চিকিৎসাপদ্ধতিরও ব্যবস্থা রয়েছে, অথচ বাংলাদেশে সরকারি পর্যায়ে ট্র্যাডিশনাল বা বিকল্প চিকিৎসার প্রসারে তেমন কোনো উদ্যোগ নেই। তাই সরকারি হাসপাতালগুলোতে এসব চিকিৎসার সুযোগ তৈরি করা প্রয়োজন এবং কোন পদ্ধতিতে চিকিৎসা নেবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রোগীকে দিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, হাসপাতালগুলোতে বিকল্প চিকিৎসাসুবিধা যুক্ত করা গেলে সাধারণ মানুষ উপকৃত হবেন এবং সরকার এ বিষয়ে উদ্যোগ নিলে তারা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবেন। দেশে চিকিৎসার ব্যয় অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, আকুপাংচারসহ বিকল্প চিকিৎসাপদ্ধতির প্রসার ঘটলে মানুষ তুলনামূলক কম খরচে চিকিৎসা নিতে পারবেন, যার জন্য এসব চিকিৎসাপদ্ধতির প্রচার ও প্রসারে উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ সময় তিনি দেশের বিভিন্ন নীতি ও দুর্নীতির সমালোচনা করে বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও বাংলাদেশ স্বনির্ভরভাবে দাঁড়াতে পারেনি এবং সঠিক নেতৃত্বের অভাবেই দেশের বিভিন্ন ক্ষেত্রে বিদেশি সহযোগিতার ওপর নির্ভর করতে হচ্ছে।