‘তারুণ্যের উল্লাস, মাদককে বলুন না’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে পাঁচহার বড়বাড়ি যুব সমাজের আয়োজনে বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ড. রফিকুল ইসলাম হিলালী।
এ সময় তিনি উদীয়মান খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি আমাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি যুবসমাজকে বিভিন্ন অপরাধ ও মরণব্যাধি মাদক থেকে দূরে রাখার অন্যতম বড় হাতিয়ার। তরুণদের মাঠে প্রাণবন্ত উপস্থিতি এবং খেলাধুলার চর্চা একটি সুস্থ, সবল ও অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়, আয়োজক কমিটি এবং উপস্থিত ক্রীড়াপ্রেমীদের আন্তরিক অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান মোসলেম, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঁইয়া মজনু এবং সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি এনামুল হক জাহাঙ্গীর, সদস্য জসিম উদ্দিন খোকন মাস্টার, মাজহারুল ইসলাম রিপন, নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মাজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাইন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. এমদাদুল হক, উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলী, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, নওপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কায়েস আহমেদ, যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম মেম্বার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদ হাসান, সহসভাপতি জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।খেলার শুরুতে আয়োজকবৃন্দ প্রধান ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পুরো খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন গন্ডা কলেজের প্রভাষক মো. হারেছ আহমেদ।
উত্তেজনাপূর্ণ এই ফাইনাল খেলায় পাঁচহার বড়বাড়ি একাদশ ও কোণাপাড়া একাদশ পরস্পরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে পাঁচহার বড়বাড়ি একাদশ ১-০ গোলে কোণাপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ তুলে দেন।