ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন, দৃষ্টান্তমূলক শাস্তি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি বিদেশি ফাউন্ডেশনের নামে সরকারি ও দাতব্য সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে শত শত মানুষের কাছ থেকে প্রায় চার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রোজিনা বেগমের বিরুদ্ধে। ভুক্তভোগীদের ঘেরাওয়ে ভাড়া বাসায় অবরুদ্ধ থাকার পর জানালা ভেঙে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রভাবশালীদের সাথে যোগাযোগ রয়েছে রোজিনার কিছু ভুক্তভোগীদের অভিযোগ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে নাটোরের গুরুদাসপুর উপজেলার খামারনাচকৈড় মহল্লায় ভাড়া বাসা থেকে তিনি পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রতারণার শিকার হয়েছেন দাবি করে রোজিনার ভাড়া বাসা ঘেরাও করেন ভুক্তভোগীরা। তাঁদের আশঙ্কা ছিল, সুযোগ পেলেই পালিয়ে যেতে পারেন। এ কারণে বাসাটি অবরুদ্ধ রেখে পাওনা টাকা ফেরত এবং প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তাঁরা। এর মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় জানালা ভেঙে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় দুই বছর ধরে গুরুদাসপুর, সিংড়া, বড়াইগ্রাম, সিরাজগঞ্জের তাড়াশ ও পাবনার চাটমোহরসহ বিভিন্ন এলাকায় বিদেশি একটি ফাউন্ডেশনের পরিচয় দিয়ে নানা সরকারি ও দাতব্য সুবিধা দেওয়ার কথা বলে টাকা সংগ্রহ করেন রোজিনা। জনপ্রতি ১০ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় চার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি তাঁদের।
অভিযোগ অনুযায়ী, টিসিবির পণ্য, কম দামে চাল, বয়স্ক ভাতা, ঘরের টিন, সেলাই মেশিন, ফ্রিজ, অটোভ্যান ও সিএনজি দেওয়ার আশ্বাস দিয়ে নামমাত্র ফরম পূরণ করিয়ে টাকা নেওয়া হতো। প্রথম দিকে কয়েকজনকে চালসহ সামান্য কিছু পণ্য দিয়ে অন্যদের আকৃষ্ট করা হয়। পরে বড় অঙ্কের টাকা নেওয়া হলেও অধিকাংশ ভুক্তভোগী প্রতিশ্রুত সুবিধা পাননি। এমনকি এলাকার প্রভাবশালী ব্যক্তিদের এজেন্ট হিসেবে যুক্ত করে সাধারণ মানুষকে প্রলুব্ধ করার অভিযোগও রয়েছে।
ভুক্তভোগীদের আরও অভিযোগ, টাকা ফেরত চাইলে তাঁদের কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়েছে। এসব মামলায় সাক্ষী করা ব্যক্তিদের কেউ কেউ দাবি করেছেন, তাঁরা এ বিষয়ে কিছুই জানেন না।
অভিযোগের বিষয়ে এর আগে রোজিনা বেগম দাবি করেছিলেন, তিনি কারও কাছ থেকে টাকা নেননি। বাড়িওয়ালার ছেলে ইমনের কথায় এসব কাজ করেছেন এবং টাকা নিয়েছেন ইমন। তবে ইমন এ অভিযোগ অস্বীকার করে বলেন, রোজিনা তাঁদের বাড়িতে ভাড়া থাকতেন মাত্র। বরং তিনি এলাকাবাসীকে প্রতারণার বিষয়ে সচেতন করেছেন।
রোজিনার এজেন্ট ও মামলার সাক্ষী শিউলি আক্তার বলেন, দেড় বছর ধরে তিনি রোজিনার সঙ্গে কাজ করছেন। তাঁর পরিবারসহ এলাকার অনেকের কাছ থেকে কয়েক লাখ টাকা রোজিনা তাঁর মাধ্যমে নিয়েছেন।রোজিনার পালিয়ে যাওয়ায় তিনি হতাশ। ধর্ষণ মামলার সাক্ষী করার বিষয়েও তিনি কিছু জানেন না। যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তারা ভালো মানুষ। মিথ্যা মামলা দিয়ে রোজিনা পার পাওয়ার চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি।
খামারনাচকৈড় মহল্লার ব্যবসায়ী মফিজুল ইসলাম বলেন, চাল পাওয়ার আশায় তিনি ১ লাখ ১৭ হাজার টাকা দিয়েছেন। রোজিনা পালিয়ে যেতে পারেন-এমন আশঙ্কায় মামলা করতে গেলে একই মহল্লার সাবেক কাউন্সিলর লালন বিশ্বাস তাকে মামলা করতে নিষেধ করেন। তিনি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন বলেও আশ্বাস দিয়েছিলেন।
এদিকে শুক্রবার (১৩ নভেম্বর) ভুক্তভোগী ও সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করে রোজিনার দৃষ্টান্তমূলক শাস্তি, প্রতারণার মাধ্যমে নেওয়া টাকা উদ্ধার এবং তদন্ত সাপেক্ষে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
মবিদুল ইসলাম, ফেরদৌসী বেগমসহ প্রায় সাতজন ভুক্তভোগীরা বলেন, রোজিনার সাথে প্রভাবশালীদের যোগাযোগ রয়েছে। এবং তাদের সহযোগিতায়ই পালিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ তদন্ত করলে হয়তো অনেকের নাম বের হয়ে আসবে। ন্যয় বিচার দাবী করেছেন তারা।
সংবাদ সম্মেলনে সাবেক কাউন্সিলর লালন বিশ্বাস বলেন, তিনিও রোজিনার কাছে চালের জন্য ৫০ হাজার টাকা পাবেন। টিসিবির পণ্য দেওয়ার কথা বলে আরও কয়েকজনের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে। বিভিন্ন ব্যক্তি তাকে এ কাজে যুক্ত করেছেন বলেও অভিযোগ করেন তিনি। তবে তাদের নাম প্রকাশ করতে চাননি। তিনি বলেন, প্রলোভনে পড়ে তারা প্রতারিত হয়েছেন।
ভুক্তভোগীদের টাকা ফেরত এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে রোজিনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম এর আগে জানিয়েছিলেন, বিষয়টি শুনেছেন। তবে লিখিত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে মঙ্গলবার বিকেলে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের কাছে তাদের অভিযোগ তুলে ধরেন। ইউএনও বিষয়টি পুলিশ তদন্ত করবে জানিয়ে এধরণের প্রতারনা থেকে গুরুদাসপুরবাসীকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
রোজিনার পালিয়ে যাওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভুক্তভোগীদের মধ্যে। তাকে দ্রুত খুজে বের করে জিজ্ঞাসাবাদ, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রতারণার মাধ্যমে নেওয়া টাকা উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তাঁরা।
রোজিনা বেগমের পালিয়ে যাওয়ার পর তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। #