নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের শ্রীপুর মধ্যপাড়ায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে দুই ভাইকে পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে ।

এ ঘটনায় ভুক্তভোগী শফিকুল ইসলাম গুরুদাসপুর থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে শফিকুল ইসলাম ও তাঁর ছোট ভাই মোস্তাকিন ইসলাম জয় (১৭) বাড়ি থেকে ভ্যানযোগে ইটভাটায় কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে গুরুদাসপুর উপজেলার আনন্দনগর গ্রামের ছরি ফকিন্নির মোড় এলাকায় আদমের দোকানের সামনে পৌঁছালে পূর্বশত্রুতার জেরে অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের পথরোধ করেন। এ সময় অভিযুক্তরা হাসুয়া, লোহার শাবল, রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে শফিকুল ইসলাম ও তাঁর ভাই মোস্তাকিন ইসলাম জয় শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হন। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করেন। এ সময় অভিযুক্তরা তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে আহত দুই ভাই গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। এ ঘটনায় শফিকুল ইসলাম ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে সাক্ষী হিসেবে স্থানীয় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অভিযোগকারী জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আগে থেকেই ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৪/১১৭(৩) ধারায় একটি মামলা চলমান রয়েছে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি রিয়াজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।