সাম্প্রতিক নানা বিতর্কের কারণে আলোচনার কেন্দ্রে থাকা জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা এবার বধূ সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হয়ে নিজের অবিচল থাকার স্পষ্ট বার্তা দিলেন।
বর্তমানে বেশ কিছু আইনি ও সাংগঠনিক জটিলতার মুখোমুখি তিশা। শাড়ি সংক্রান্ত বিষয়ে দুটি প্রতিষ্ঠানের সাথে ‘আত্মসাৎ ও প্রতারণা’র মামলায় চলছে তাঁর আইনি লড়াই। এর পাশাপাশি সহশিল্পী সামিয়া অথৈয়ের সাথে শুটিং সেটে হাতাহাতি এবং পরবর্তীতে বিষয়টি মীমাংসায় অনীহা প্রকাশের অভিযোগে নাট্যশিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’ তাঁর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে।
এসব বিতর্কের মধ্যেই শনিবার (৭ নভেম্বর) ফেসবুকে বধূ সাজের এক ডজনেরও বেশি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ছবিতে তাঁকে লাল রঙের জমকালো বেনারসি শাড়ি, সোনালি গয়না, মাথায় টিকলি ও খোঁপায় সাদা ফুল জড়িয়ে ঐতিহ্যবাহী ব্রাইডাল লুকে দেখা গেছে।
ছবিগুলোর ক্যাপশনে তানজিন তিশা লেখেন—‘অবিচল, আপসহীন, নির্ভীক, অবিনাশী, অদম্য, অপ্রতিরোধ্য।’ এই বার্তা দিয়ে অভিনেত্রী যেন বুঝিয়ে দিলেন, চারপাশে এত জটিলতা ও বিতর্কের পরও তিনি মানসিকভাবে দৃঢ় ও অবিচল রয়েছেন। তাঁর এই নতুন রূপ দেখে ভক্তরা মুগ্ধতা প্রকাশ করার পাশাপাশি দ্রুত বিয়ের পিঁড়িতে বসার শুভকামনা জানান।
উল্লেখ্য, বর্তমানে অভিনয়েও কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন তিশা। নাটকে অভিনয় কমিয়ে সিনেমায় নজর দিলেও শাকিব খানের বিপরীতে তাঁর প্রথম ছবি ‘সোলজার’-এর শুটিং অধিকাংশ শেষ হওয়ার পরও সিনেমাটির কাজ বর্তমানে অনিশ্চিত হয়ে আছে।