ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে পঞ্চম দিনের মতো শ্রমিকদের আন্দোলন ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে পরিবেশ কিছুটা শান্ত থাকলেও বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানা ঘেরাও করে অতর্কিত হামলার চেষ্টা চালান বিক্ষুব্ধ শ্রমিকেরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার ভেতর থেকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে আন্দোলনকারীরা সাময়িকভাবে ছত্রভঙ্গ হয়ে যান। তবে পরবর্তীতে তাঁরা একত্র হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো কাশিমপুর এলাকায় তীব্র আতঙ্ক ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা সরে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. বেলায়েত হোসেন জানান, "ঘটনাস্থলে কাশিমপুর থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা পালিয়ে গেছে। বর্তমানে এলাকা নিয়ন্ত্রণে রয়েছে।"
এর আগে আজ সকাল ৯টার দিকে গাজীপুর নগরীর নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকেরা। সেখানেও পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সড়ক মুক্ত করে।
এর পরপরই ওই একই মহাসড়কের মৌচাক তেলীরচালা এলাকায় আবারও বিক্ষোভকারীরা সড়ক অবরোধ সৃষ্টি করেন। সেখানে প্রায় আধা ঘণ্টা ধরে চলা পাল্টাপাল্টি ধাওয়ার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।