কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। মুক্তি পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, "সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না। ন্যায়ের রাজনীতি কখনো পরাজিত হবে না। সময় লাগতে পারে, কিন্তু চূড়ান্ত জয় সত্যেরই হবে, ন্যায়েরই হবে।"
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে কারা ফটকে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।
কারাফটকে সংক্ষিপ্ত বক্তব্যে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে আখতারুজ্জামান বলেন, "আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। এক মাসের কষ্টের পরেও আজকে আপনাদের সামনে এসে দাঁড়াতে পেরেছি। আল্লাহ আমাকে সব সময় জনগণের পক্ষে কথা বলার তৌফিক দিয়েছেন। আমার বাবা-মায়ের প্রতি আমি কৃতজ্ঞ।"
তিনি আরও বলেন, "আমরা সত্যের রাজনীতি করি, আমরা ন্যায়ের রাজনীতি করি, আল্লাহর সন্তুষ্টির রাজনীতি করি এবং মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি করি। আমরা আল্লাহর শাসন কায়েমের পক্ষে ও তাঁর নির্দেশিত পথে আছি। এই স্বাধীন বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা সামনে এগিয়ে যাব।" এ সময় তিনি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে সবার কাছে দোয়া কামনা করেন।
মুক্তির পর কারাফটকে উপস্থিত নেতাকর্মী ও সংসদ সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মেজর (অব.) আখতারুজ্জামান।
পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, "আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। জামায়াতের আমির আমার জন্য অপেক্ষা করছেন। আগে দলের প্রধানের কাছে পৌঁছাই, তাঁর নির্দেশনা নিয়ে পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানাব, ইনশাআল্লাহ।"
এ সময় কারাফটকে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।