বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার (নন-রেসিডেন্ট) ডেরেক লোহ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর ২৯ নম্বর মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং এবং সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া ও সাব-সাহারা আফ্রিকান ডিরেক্টরেটের কান্ট্রি অফিসার ম্রিথিনি টিজি গ্রিথারান।

বৈঠকে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, দুর্নীতি প্রতিরোধ, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সংহত করা, গণভোট এবং 'জুলাই সনদ' বাস্তবায়নসহ প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনাকালে হাইকমিশনার ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। একইসঙ্গে তিনি ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা, সহযোগিতা বৃদ্ধি এবং নতুন সম্ভাবনার পথ উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।