মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পাটুরিয়া ট্রাক টার্মিনাল ও পুরাতন নৌ পুলিশ ফাঁড়ির পাশের একটি নর্দমার ড্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাটুরিয়া ফেরিঘাটসংলগ্ন ট্রাক টার্মিনাল ও পুরাতন নৌ ফাঁড়ির পাশের ড্রেন থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রেন থেকে শটগানটি উদ্ধার করা হয়। পুলিশ বাহিনীর সদস্যরা সাধারণত এ ধরনের শটগান ব্যবহার করে থাকে। তবে এটি নির্দিষ্ট কোনো থানা থেকে লুট হওয়া অস্ত্র কি না, তা খতিয়ে দেখতে যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশের প্রাথমিক ধারণা, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা ও পুলিশ স্থাপনায় হামলা ও লুটপাটের সময় খোয়া যাওয়া অস্ত্রের এটি একটি হতে পারে। অস্ত্র উদ্ধারের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।